শিক্ষকদের পাশে সাদিক কায়েম-দাবি না মানলে উত্তাল ঝড়ে সব উড়ে যাবে

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার
শিক্ষকদের পাশে সাদিক কায়েম-দাবি না মানলে ''উত্তাল ঝড়ে সব উড়ে যাবে''

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক। একটি বাংলাদেশ অনলাইন

সাদিক কায়েম বলেন, “আমাদের শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, এমনকি জ্বালানি উপদেষ্টাও শিক্ষক। অথচ তারা শিক্ষকদের বঞ্চনা ও কষ্ট বুঝতে পারছেন না। যদি শিক্ষক হয়েও শিক্ষকদের ন্যায্য দাবি উপলব্ধি না করা যায়, তাহলে উপদেষ্টা হিসেবে তাদের থাকার কোনো অর্থ হয় না।” তাঁর ভাষায়, “২৪-এর আন্দোলনের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের এই সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু সেই শহীদের আদর্শের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে শিক্ষক সমাজকে অবহেলা করা হচ্ছে। ছাত্র সমাজ এই বৈষম্য মেনে নেবে না”।

দেশের শিক্ষক সমাজের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, “শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না করলে উত্তাল ঝড়ে সব উড়ে যাবে।” রবিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাতে গিয়ে তিনি এই বক্তব্য দেন।

শিক্ষক আন্দোলনের প্রতি ছাত্রসমাজের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরে ডাকসুর এই ভিপি বলেন, “ডাকসু, জাকসু, রাকসু, চাকসুসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের পাশে আছে। এই আন্দোলন শিক্ষার মর্যাদা ও সমাজের ন্যায্যতার প্রতীক। শিক্ষকদের বিজয় নিশ্চিত।”

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসনের হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে সাদিক কায়েম বলেন, “ফ্যাসিস্ট হাসিনার আমলে প্রশাসন যেভাবে শিক্ষক ও ছাত্রদের উপর নিপীড়ন চালাত, আজও সেই একই আচরণ লক্ষ্য করছি। এটি গণতান্ত্রিক বাংলাদেশে কখনো গ্রহণযোগ্য নয়।”

ডাকসুর ভিপির এই বক্তব্য আন্দোলনরত শিক্ষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন উপস্থিত অনেক শিক্ষক। তারা মনে করছেন, ছাত্র সমাজের এই সংহতি শিক্ষকদের দাবি আদায়ে শক্তিশালী ভূমিকা রাখবে। বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন বৈষম্য, পদোন্নতি জটিলতা এবং কর্মপরিবেশের উন্নয়ন দাবিতে আন্দোলন চলছে। সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত আশ্বাস না পাওয়ায় আন্দোলন দীর্ঘায়িত হচ্ছে, যা উচ্চশিক্ষা ব্যবস্থায় অচলাবস্থা তৈরি করছে।

শিক্ষক সমাজের ন্যায্য দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে—শিক্ষকদের দাবিগুলো দ্রুত ও বাস্তবসম্মতভাবে মেনে নেওয়া হোক, যাতে শিক্ষা ব্যবস্থায় স্থিতি ও মর্যাদা ফিরে আসে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত