বিধবা ও অসহায়দের পাশে দাঁড়ানো প্রকৃত ধার্মিকতা

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭ বার
বিধবা ও অসহায়দের পাশে দাঁড়ানো প্রকৃত ধার্মিকতা

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

মানবজাতি স্বভাবগতভাবেই সহমর্মী এবং কল্যাণপ্রত্যাশী। তবে সমাজের বাস্তবতায় সবচেয়ে বেশি অবহেলিত থেকে যায় সেই মানুষগুলো, যারা শারীরিক, সামাজিক বা অর্থনৈতিকভাবে দুর্বল। এই প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো বিধবা নারী ও অসহায় দরিদ্ররা। পরিবার হারানো, আর্থিক অনিশ্চয়তা এবং সামাজিক অবহেলা তাদের জীবনকে পূর্ণ করে তোলে নীরব সংগ্রামে। ইসলাম এই দুর্বল মানুষদের কষ্টকে শুধু মানবিক অনুভূতির বিষয় হিসেবে দেখেননি, বরং একে ঈমানের গভীরতার মানদণ্ড হিসাবেও স্থাপন করেছেন।

কোরআন ও সুন্নাহতে সমাজের প্রান্তিক মানুষের দায়িত্ব নেওয়ার বিষয়টি অনেক উচ্চ মর্যাদার ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) সফওয়ান ইবনে সুলাইম (রহ.) থেকে বর্ণিত এক হাদিসে বলেন, “যে ব্যক্তি বিধবা ও মিসকিনের ভরণ-পোষণের জন্য চেষ্টা করে, সে আল্লাহর পথে জিহাদকারীর মতো; অথবা সে ওই ব্যক্তির মতো, যে দিনে রোজা রাখে এবং রাতে ইবাদতে দণ্ডায়মান থাকে।” (সহিহ বুখারি, হাদিস: ৬০০৬)

এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সমাজসেবাকে ইসলামে সর্বোচ্চ মর্যাদার ইবাদতের সঙ্গে তুলনা করা হয়েছে। জিহাদ, রোজা এবং রাতের ইবাদতকে সর্বোচ্চ ইবাদতের প্রতীক হিসেবে গণ্য করা হলেও, বিধবা ও অসহায়দের দায়িত্ব বহনকে সেই উচ্চতায় উন্নীত করা হয়েছে। এটি নিঃস্বার্থভাবে মানুষের কষ্ট লাঘবকে শুধু সামাজিক নৈতিকতা নয়, বরং আল্লাহর নৈকট্য লাভের শক্তিশালী মাধ্যম হিসেবে উপস্থাপন করে।

পবিত্র কোরআনেও সমাজের দুর্বল মানুষের পক্ষে ব্যয় করার গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, “তারা তোমাকে জিজ্ঞেস করে—কী ব্যয় করবে? বলো, যা কিছু ব্যয় করবে, তা হবে পিতা-মাতা, নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য।” (সুরা: বাকারা, আয়াত: ২১৫) একইভাবে, আল্লাহ তায়ালা নেককারদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে বলেন, “তারা আল্লাহর ভালোবাসায় খাদ্য দান করে মিসকিন, ইয়াতিম ও বন্দিদের।” (সুরা: আল-ইনসান, আয়াত: ৮) এই আয়াতগুলো প্রমাণ করে যে ইসলামে সমাজের দুর্বল শ্রেণির ভরণ-পোষণ কোনো ঐচ্ছিক দান নয়; বরং ঈমানের অপরিহার্য অংশ।

ইসলামের প্রাচীন ও সাম্প্রতিক স্কলাররাও এই বিষয়কে গুরুত্ব দিয়ে লিখেছেন। ইবনে হাজর আল-আসকালানি তাঁর ফাতহুল বারি গ্রন্থে হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, “বিধবা ও মিসকিনের সেবা জিহাদের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ এতে রয়েছে অবিরাম চেষ্টা, ধৈর্য ও আত্মত্যাগ; যা নফসের বিরুদ্ধে এক ধরনের সংগ্রাম। যদি নিয়ত বিশুদ্ধ হয়, তবে এটি ধারাবাহিক ইবাদতে পরিণত হয়।”

ইসলামের ইতিহাসে এই শিক্ষার বাস্তব প্রয়োগও দেখা যায়। রাসুলুল্লাহ (সা.) নিজে বিধবা ও ইয়াতিমদের খোঁজখবর নিতেন, তাদের প্রয়োজন পূরণ করতেন। সাহাবিরাও এই শিক্ষাকে জীবনের অংশ হিসেবে নিয়েছিলেন। ওমর (রা.) রাতের আঁধারে অসহায় পরিবারগুলোর জন্য খাদ্য বহন করতেন, যা কেবল শাসকের দায়িত্ববোধ নয়, বরং ঈমানি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।

এই হাদিস ও কোরআনিক নির্দেশ আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়; তা হলো—ইবাদত কেবল মসজিদকেন্দ্রিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়। ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া এবং বিধবার চোখের অশ্রু মোছাও ইসলামে ইবাদতের অন্তর্ভুক্ত। যেখানে সমাজের দুর্বল মানুষের দায়িত্ব সম্মিলিতভাবে বহন করা হয়, সেই সমাজে ন্যায়বিচার, সহমর্মিতা এবং ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। এটিই ইসলামের কাঙ্ক্ষিত সামাজিক কাঠামো।

বিধবা ও অসহায়দের ভরণ-পোষণের মর্যাদা শুধুমাত্র সামাজিক নৈতিকতার বিষয় নয়; এটি ঈমানের বাস্তব পরীক্ষাও বটে। এই দায়িত্ব পালনের মাধ্যমে একজন মুসলিম প্রমাণ করতে পারে যে, তার ইবাদত জীবনের সঙ্গে সংযুক্ত, সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। রাসুলুল্লাহ (সা.) প্রদর্শিত পথই আমাদের শেখায় যে প্রকৃত ধার্মিকতা সেখানে, যেখানে মানুষের কষ্ট লাঘব হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়।

আজও আমাদের চারপাশে নীরবে কাঁদছে বহু বিধবা ও অসহায় পরিবার, যাদের চোখের জল কেউ দেখে না, কষ্টের কথা কেউ শোনে না। তাদের পাশে দাঁড়ানো কোনো অতিরিক্ত দয়া নয়; এটি আমাদের ঈমানি দায়িত্ব। সামান্য সহযোগিতাই কারও মুখে হাসি ফোটাতে পারে, কারও সন্তানের ভবিষ্যৎ রক্ষা করতে পারে।

আল্লাহ যেন আমাদের অন্তরকে সহমর্মিতায় ভরিয়ে দেন এবং বিধবা ও অসহায়দের পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন—আমিন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত