প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
সিলেট অঞ্চলের গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ বদরুজ্জামান সেলিম।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে জালালাবাদ গ্যাসের পরিচালক পদে মনোনয়ন দেওয়া হয়। বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহ-সভাপতি। সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি সিলেট-৪ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে পেট্রোবাংলার চেয়ারম্যানকে বদরুজ্জামান সেলিমকে জালালাবাদ গ্যাসের পরিচালক পদে মনোনয়ন দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সরকার গঠনের পর এ পর্যন্ত সিলেট বিএনপির পাঁচ নেতাকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ পদও রয়েছে।
বদরুজ্জামান সেলিম ছাড়া অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান করা হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক করা হয়েছে।
এ ছাড়া জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিমকে সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। মহানগর বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী পেয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব।
এই পাঁচ নেতার মধ্যে কয়েস লোদী ছাড়া অন্য চারজনই সর্বশেষ জাতীয় নির্বাচনে সিলেটের বিভিন্ন আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন না পাওয়ার পর সরকার গঠনের পর তাঁদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে রেজাউল হাসান কয়েস লোদী আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে।
বদরুজ্জামান সেলিমের নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে সিলেটের আরও একজন বিএনপি নেতার সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে যুক্ত হওয়ার বিষয়টি সামনে এসেছে। জালালাবাদ গ্যাস সিলেট অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান হওয়ায় পরিচালক হিসেবে তাঁর দায়িত্বও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।