প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাধবপুর গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)। স্বজনরা তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মুকুল হোসেন জানান, বুধবার ভোরে অমরেন্দ্র নাথ গোয়ালে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী মিনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আসাদুজ্জামান জোহা বলেন, স্বামী-স্ত্রী দুজনেরই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্বজনরা তাঁদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।