প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | নিজস্ব সংবাদদাতা | একটি বাংলাদেশ অনলাইন
গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী শুক্রবার সকালে পাঁচ দফা দাবিতে গণমিছিল করেছে। মিছিলটি টঙ্গীর শালিকচূড়া এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। গণমিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির খায়রুল হাসান, মো. হোসেন আলী, সালাহ উদ্দিন আইয়ুবী, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, আফজাল হোসাইন, পশ্চিম থানা জামায়াতের আমির আনোয়ার হোসেন ভূইয়া, পূর্ব থানা আমির নজরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলে বক্তারা বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়।’ এদিন জামায়াতে ইসলামী গাজীপুর-৬ আসনে আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পরপরই এ বিশাল গণমিছিলকে দলীয় প্রার্থীর শক্তি প্রদর্শনের শোডাউন হিসেবেও দেখা হচ্ছে।
জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে: জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
গণমিছিলটি জামায়াতের রাজনৈতিক শক্তি প্রদর্শনের পাশাপাশি তাদের দাবির প্রতি জনগণের সমর্থন ও আগ্রহের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। দলটি ১০ অক্টোবর রাজধানীসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করেছে।
গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী এ কর্মসূচির মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান ও দাবির প্রতি জনগণের সমর্থন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।