রিজভী দাবি করেছেন, জুলাই আন্দোলনে শহীদরা ও মুক্তিযোদ্ধা ছিলেন

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার
রিজভী দাবি করেছেন, জুলাই আন্দোলনে শহীদরা ও মুক্তিযোদ্ধা ছিলেন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | নিজস্ব সংবাদদাতা | একটি বাংলাদেশ অনলাইন 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “শহীদ শব্দটি শুধু ব্যক্তির প্রাণ উৎসর্গ নয়, একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার সঙ্গে যুক্ত। ৭১-এ যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, তেমনি ২৪-এর জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা।” তিনি আরও বলেন, “নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম শহীদ ইমাম হাসান তায়িম।”

আজ সকাল সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে শহীদ তায়িমের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপির সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি প্রমুখ।

রিজভী বলেন, “রাজধানী থেকে অনেক দূরে, একটি ধানের ক্ষেতের জমির পাশে শুয়ে আছে তায়িম। কিন্তু তার এই আত্মত্যাগ কীসের জন্য, সেটা যেন মানুষ ভুলে না যায়। তার এই আত্মত্যাগ আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। কারও জমি দখল করতে, কোনো গ্রামের সঙ্গে গ্রামের মারামারিতে নয়, একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী ছাত্র-জনতা।”

তিনি শহীদ তায়িমের মাকে উদ্দেশ করে বলেন, “জুলাই আন্দোলনে তায়িম পরিবারের কথা না শুনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সন্তান ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি; কিন্তু এই সন্তানহারা মা শোক নিয়ে আজও বেঁচে আছে। গণতন্ত্রের জন্য তায়িমরা এখনো প্রস্তুত। তায়িমের আত্মত্যাগ যেন আমরা কখনো না ভুলি, তাহলেই হবে তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।”

জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, “শহীদরা শুধু ব্যক্তিগত আত্মত্যাগ নয়, একটি জাতির মুক্তির প্রতীক। তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা দেয়, আমাদের পথ দেখায়। আমরা তাদের ভুলে গেলে, তাদের আত্মত্যাগের প্রতি অবিচার হবে।”

এ সময় বিএনপির নেতারা শহীদ তায়িমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চেক প্রদান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত