রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে হাতে তুলে নিলেন ইউরোপিয়ান গোল্ডেন বুটের ট্রফি। গত মৌসুমে লা লিগায় ৩১ গোল করে এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোলের অসাধারণ পারফরম্যান্সে প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন তিনি। ইউরোপের শীর্ষ লিগগুলোতে সর্বোচ্চ গোলদাতাকে প্রতিবছর ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া এই পুরস্কার দিয়ে সম্মানিত করে।
শুক্রবার (৩১ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের কোচ ও সতীর্থদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পের হাতে তুলে দেওয়া হয় গোল্ডেন বুট। পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত এমবাপ্পে বলেন, “ক্যারিয়ারে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড পাওয়া আমার জন্য বড় সম্মান। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার শৈশবের স্বপ্ন ছিল, এখন সেটাই বাস্তব। সতীর্থ আর সমর্থকদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না।”
রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপিয়ান গোল্ডেন বুট জয় করা এটি তৃতীয় উদাহরণ। এমবাপ্পের আগে ২০১৪-১৫ মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো এই পুরস্কার জিতেছিলেন, যিনি ক্যারিয়ারে মোট চারবার গোল্ডেন বুট জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। রেকর্ড সর্বোচ্চ ছয়বার এই পুরস্কার জিতেছেন লিওনেল মেসি, বার্সেলোনার জার্সিতে।
নতুন মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন এমবাপ্পে। লা লিগায় ১০ ম্যাচে করেছেন ১১ গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে গোল সংখ্যা ১৬। আগের মৌসুমের মতো এবারও তিনি এগিয়ে রয়েছেন ইউরোপের গোল্ডেন বুট দৌড়ে, লক্ষ্য একটাই—টানা দ্বিতীয়বারের মতো পুরস্কারটি নিজের করে নেওয়া।