বিএনপি ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে গেল

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৭ বার
বিএনপি ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে গেল

প্রকাশ: ২৮শে জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনের আলোচনায় একটি অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়। সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনায় অংশ নেবে না বলে জানায় বিএনপি। এর পরপরই বৈঠক থেকে ওয়াকআউট করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আলোচনা শুরু হয় বেলা সাড়ে ১১টার পর। বিষয়টি উপস্থাপন করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আলোচনার শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, তাদের দল এই আলোচনায় অংশ নেবে না।

পরে অধ্যাপক আলী রীয়াজ বলেন, বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তারা আলোচনায় অনুপস্থিত থাকবে। তিনি বলেন, “একটি রাজনৈতিক দল আলোচনায় অংশ না নিলে আলোচনা করা যাবে না—এ বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারছি না।”

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মন্তব্য করেন, “একটি বড় দল আলোচনায় অংশ না নিলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়। আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে।”

সংলাপের সঞ্চালক মনির হায়দার পরে বলেন, “এর আগে এক বা একাধিক দল নোট অব ডিসেন্ট দিয়েও ঐকমত্য হয়েছিল।”

এভাবেই সোমবারের বৈঠক শেষ হয় বিএনপির ওয়াকআউটের মধ্য দিয়ে, যা আলোচনার ভবিষ্যৎ গতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত