২০ আগস্ট ২০২৫| নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্স সংলগ্ন অকশন শেড থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দশটি চাকা চুরি হয়ে গেছে। বিমান কর্তৃপক্ষের বরাত মতে, চুরি হওয়া চাকার মধ্যে ছিল বিমানটির ‘নোজ টায়ার’। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. জামাল হোসেন বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, ঘটনাটি ১৬ আগস্ট শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটেছে।
পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন উপপরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান চৌধুরী। প্রাথমিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও তদন্ত পরিচালনা করে দুইজন কর্মীর সম্পৃক্ততার তথ্য পেয়েছে। জিডিতে বলা হয়, বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার মো. আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হক বাংলাদেশের একটি বেসরকারি এয়ারলাইনসের এক কর্মকর্তার সঙ্গে যোগসাজশে টায়ারগুলো সরিয়ে দিয়েছেন।
বিমান কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মূল উদ্দেশ্য ছিল অবৈধভাবে অর্থ উপার্জন করা। এ ঘটনায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার মো. আরমান হোসেন দায় স্বীকার করে লিখিতভাবে জানিয়েছিলেন যে, টায়ারগুলো তিনি ইউএস–বাংলাকে দিয়েছিলেন। পরে বেসরকারি এয়ারলাইনস তাদের থেকে ছয়টি টায়ার নিয়ে অকশন শেডে রাখে। নিরাপত্তা সদস্যদের নজরে আসার পর তিনি ঘটনাটি স্বীকার করেন এবং টায়ারগুলো ফেরত আনা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর জানান, টায়ারগুলো নিলামের জন্য রাখা হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরানো হয়েছিল। তদন্তে দুজন কর্মীর সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে, আর বাকিদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।