আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’ সায়ানের কণ্ঠে ছাত্র-জনতার বিজয়ের গান

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৭ বার


প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

একটা প্রজন্মের অগ্নিগর্ভ দিনগুলোকে সঙ্গীতে বেঁধে নতুন করে মনে করিয়ে দিলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’ শিরোনামের নতুন গানটি যেন বিগত বছরের সেই রক্তঝরা আন্দোলনের ক্ষতচিহ্ন আর প্রতিরোধের গল্পগুলো একসঙ্গে নিয়ে আসে—স্মরণ করিয়ে দেয়, কীভাবে সাধারণ ছাত্র-জনতা এক হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে।

গানটি প্রকাশ পেয়েছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে, শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে গানটির লাইন, দৃশ্য ও বার্তা। অনেকেই বলছেন, এক বছর আগে চব্বিশের জুলাই-আগস্টের সেই ৩৬ দিনের উত্তাল দিনগুলো আবারও ফিরে এলো সায়ানের কণ্ঠে—সংগ্রামের তাপে, পরাজয়ের লজ্জায় নত হওয়া এক স্বৈরশক্তির পতনের কথা মনে করিয়ে দিতে।

নিজের ফেসবুক পোস্টে সায়ান লিখেছেন, ‘২০২৪-এর জুলাই-আগস্টে ঘটে যাওয়া ৩৬ দিনের এক অপূর্ব, অসামান্য, অপরূপ ও ভয়ংকর রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসের ঘাড়ে অশুভ দৈত্যের মতো চেপে বসা এক ঘৃণ্য লুটেরা ও খুনি স্বৈরশক্তির অপমানজনক ও অসহায় পতন ঘটে। এই লড়াই ছিল স্বৈর-দুঃশাসনের বিরুদ্ধে এই মাটিতে প্রায় দেড় দশক ধরে বিচ্ছিন্নভাবে চলতে থাকা হাজারও লড়াই-সংগ্রামের শেষে একতাবদ্ধ জনতার এক অভূতপূর্ব বিজয়।’

তার কথায় স্পষ্ট হয়ে ওঠে, এই গান শুধুমাত্র অতীতের গল্প নয়—এটি ভবিষ্যতের প্রতিজ্ঞা, প্রতিরোধ আর মানুষের বিজয়ের প্রতি এক অটল বিশ্বাসও। সায়ান লিখেছেন, ‘এই গান মানুষের বিজয়ের সেই জুলাই-এর গল্প। এই গান উৎসর্গ করি পৃথিবীর সকল মাটিতে আন্দোলন-সংগ্রামরত সকল লড়াকু প্রাণকে, যারা আস্থা রাখে মানুষের প্রতিরোধের শক্তিতে।’

গানটি শুনে অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন, এই সময়ের প্রজন্ম যখন অস্থিরতার মধ্যেও আশার আলো খুঁজছে, তখন এমন গান তাদের হৃদয়ে নতুন আগুন জ্বালাবে। পোস্টের শেষ অংশে সায়ান লিখেছেন, ‘আমি মাটি এবং মানুষের শক্তিতে বিশ্বাস করি। এই গান নিবেদন করি প্রতিরোধে বিশ্বাস করা সকল মানুষকে, যারা আগামী দিনের লড়াই লড়বে … তুমুল উদ্যমে।’

শিল্পী সায়ান বরাবরই প্রতিবাদ আর মানুষের স্বপ্নের কথা নিজের গানে তুলে এনেছেন। ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’ও সেই ধারাবাহিকতারই এক শক্তিশালী নতুন অধ্যায় হয়ে রইল।

একটি বাংলাদেশ অনলাইন

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত