প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | নিজস্ব সংবাদদাতা | একটি বাংলাদেশ অনলাইন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোন রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব দেখানো যাবে না। বৃহস্পতিবার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় কমিশনার এই নির্দেশনা দেন। সভায় ডিএমপির সকল অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
ডিএমপি কমিশনার বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় যে অনিয়ম হয়েছে, সেইসব মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন।
শেখ সাজ্জাত আলী বলেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশকে সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। জনগণের সঙ্গে দুরত্ব সৃষ্টি বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা জরুরি। তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন ত্যাগ ও তিতীক্ষার মাধ্যমে পুলিশ বর্তমানে যে অবস্থায় আছে, তা সঠিকভাবে ব্যবহার করতে হবে।
কল্যাণ সভায় তিনি ডিএমপির সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এছাড়া দায়িত্ব পালনকালে যদি কোনো পুলিশ সদস্য আহত হন, তার চিকিৎসার সব ব্যয়ভার ডিএমপি বহন করবে বলে ঘোষণা দেন। কমিশনার পুলিশ সদস্যদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে অনুরোধ করেন। পাশাপাশি তিনি উর্ধ্বতন কর্মকর্তাদেরও নির্দেশ দেন, অধীনস্থদের প্রতি সবসময় সহানুভূতিশীল ও সহায়ক হতে হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার জানান, থানায় আগত সেবা প্রত্যাশীদের সুবিধার্থে ডিউটি অফিসারের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে ইতিমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার সুফল সবাই পাচ্ছেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বলেন, অনেক থানার মালখানা ও ফাঁড়ির অবস্থা নাজুক। এগুলো মেরামত করে বসবাস উপযোগী করা হচ্ছে। সামনের নির্বাচনে রাজনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। তাই এই সময় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা জরুরি।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার ৮৫০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সরকারের নির্দেশনা ও আইন মেনে, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, নিরাপদ এবং স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য পুলিশ সদস্যদের সতর্ক ও দায়বদ্ধ ভূমিকা পালন করতে আহ্বান জানিয়েছেন।