প্রকাশ: ০৮ জুলাই ২০২৫
চট্টগ্রামে দুই জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত, সিদ্ধান্তের অপেক্ষায় আইইডিসিআর
চট্টগ্রামে প্রথমবারের মতো দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তবে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, একটি বেসরকারি ল্যাবের রিপোর্টে সোমবার রাতে দুই রোগীর শরীরে জিকার অস্তিত্ব মিলে। এ বিষয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-কে জানানো হয়েছে। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, আক্রান্ত দুজনের বয়স ৪০ বছরের বেশি, একজন পুরুষ ও একজন নারী। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তাঁরা এপিক হেলথ কেয়ারে পরীক্ষা করান।
ডেপুটি সিভিল সার্জন তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, একই কীটে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ধরা পড়ে। জ্বর ও র্যাশ দেখা দেওয়ায় রোগী দুজনকে পরীক্ষা করানো হয়। রিপোর্টে জিকা পজিটিভ আসে। আইইডিসিআর চাইলে নমুনা আবার পরীক্ষা করতে পারে, নতুবা রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত জানাবে।
চিকিৎসকেরা জানিয়েছেন, জিকা সাধারণত প্রাণঘাতী নয়, তবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে অনাগত শিশুর শারীরিক জটিলতার ঝুঁকি থাকে। চট্টগ্রামে এডিস মশাবাহিত অন্যান্য রোগও বাড়ছে—এ পর্যন্ত ৩০ জন চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।